ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সাইবার হামলার শিকার ফিফা, গোপন তথ্য চুরি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকারদের অননুমোদিত প্রবেশের ঘটনায় সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের একটি অংশ চুরি হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।


সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা। ফিফার দাবি, তাদের প্রযুক্তিগত ব্যবস্থার কোনো ত্রুটির কারণে এই হামলার ঘটনা ঘটেনি। বরং কর্মীদের পরিচয় ব্যবহার ও তাদের ছদ্মবেশ ধারণ করে গোপন তথ্যের নাগাল পেয়েছে হ্যাকাররা।


বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে আর্থিক নথি ও অন্যান্য সংবেদনশীল তথ্য থাকতে পারে। ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, তারা ফিফার ১২ গিগাবাইটের বেশি গোপন তথ্য হাতিয়ে নিয়েছে। তবে তথ্য চুরির এই পরিমাণ নিশ্চিত করেনি ফিফা। ঠিক কতটা তথ্য ফাঁস হয়েছে, তা-ও স্পষ্ট করেনি সংস্থাটি।


ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে ফিফার এক মুখপাত্র বলেন, ফিফা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফিফা। ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের পরিণতি বয়ে আনতে পারে বলেও উল্লেখ করেন তিনি।


প্রতিবেদন অনুযায়ী, ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি। তবে বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প-সংশ্লিষ্ট কোনো তথ্য চুরি হয়নি বলে নিশ্চিত করেছে ফিফা। বিশ্বকাপ-সংশ্লিষ্ট বিনিয়োগের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল প্রকল্পটির।


প্রকল্পটি ভেস্তে যাওয়ার পর থেকেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চাপের মুখে রয়েছেন। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমার নাম আলোচনায় রয়েছে।


‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পরিকল্পনাটি-সংক্রান্ত সব নথি প্রকাশের দাবিতে আদালতেরও দ্বারস্থ হয়েছিল সংস্থাটি। উয়েফার কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার প্রথম এই ধারণা দেন। পরে প্রায় এক বছর ধরে বিষয়টি নিয়ে ইনফান্তিনোর সঙ্গে আলোচনা হয়।


অন্যদিকে, ফিফার আইনজীবীরা অভিযোগ করেন, গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইনফান্তিনোর কর্তৃত্ব দুর্বল করার চেষ্টা করছে উয়েফা। তবে বিচারক জ্যানেট ভার্গাস সেই যুক্তি নাকচ করে বলেন, নথি প্রকাশে দেরি হলে উয়েফা অযৌক্তিক ক্ষতির মুখে পড়বে। তার এই সিদ্ধান্ত নথি প্রকাশের দাবিতে উয়েফার আইনি লড়াইকে আরও এগিয়ে নেয়। সাইবার হামলার তদন্তের পাশাপাশি প্রকল্পের নথি প্রকাশ নিয়ে আইনি লড়াই—দুই দিক থেকেই চাপে রয়েছে ফিফা। নতুন এই ঘটনা সংস্থাটির প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ে বিতর্ক আরও বাড়াতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑